চাটখিল, নোয়াখালী রিপোর্ট-
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক চাটখিলে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল গুলোতে অভিযান অব্যাহত রেখেছে তারই অংশ হিসেবে রোববার দুপুরে চাটখিল সেন্ট্রাল হাসপাতাল প্রাইভেট এবং চাটখিল এভার কেয়ার হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।
রোববার বিকালে সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডাঃ শহিদুল আহমেদ নয়ন, হেলথ ইন্সপেক্টর নুরুল আমিন, এস আই শাহ আলম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান পরিচালনাকালে চাটখিল সেন্ট্রাল হাসপাতালে কোন ডিপ্লোমা ডিগ্রিধারী নার্স পাওয়া যায়নি, এছাড়াও হাসপাতালটির গুরুত্বপূর্ণ ওটি রুমটি ছিল নোংরা ও অপরিষ্কার,যা স্বাস্থ্য সেবার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, এছাড়াও হাসপাতাল পরিচালনার জন্য প্রধান শর্ত প্রতিষ্ঠানটির লাইসেন্স এবং প্যাথোলজির লাইসেন্স আপডেট ছিল না। এসকল বিষয় আমলে নিয়ে ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিক সেন্ট্রাল হাসপাতালের ওটি রুমের কার্যক্রম বন্ধ করে সেটি তালা মেরে সিলগালা করে দেয়। এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।
একই সময়ে ভ্রাম্যমান আদালত চাটখিল এভার কেয়ার হাসপাতালে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স না পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল সহকারি কমিশনার (ভুমি) বলেন, চাটখিলের হাসপাতাল গুলোতে অভিযান পরিচালনা করা হয়।তিনি বলেন,এ পর্যন্ত আমরা ১৪ টা হাসপাতালে অভিযান পরিচালনা করেছি এবং আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।
নিউজ ডেস্ক 













