ফাইল ফটো
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) নতুন দুজনকে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা পৃথক আদেশে অ্যাডভোকেট মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিনকে ডেপুটি অ্যাটর্নি-জেনারেলের সমমর্যাদায় নতুন প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরেক আদেশে ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি-জেনারেল পদমর্যাদাসম্পন্ন) মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
পদত্যাগের বিষয়ে সাইমুম রেজা তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার পুরোনো পেশা শিক্ষকতায় ফিরব। গুরুত্বপূর্ণ মামলাগুলোর রায়ের অংশী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
নতুন চিফ প্রসিকিউটরকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, “নতুন চিফ প্রসিকিউটর আসছেন, আশা করছি উনি খুব ভালোভাবে মামলা পরিচালনা করবেন। উনার জন্য শুভকামনা রইল।”
মো. সাইমুম রেজা তালুকদার ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ল-এর সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন । তিনি বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত একজন আইনজীবী এবং ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য।
সাইমুম রেজা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম করেছেন এবং নেদারল্যান্ডসের লিডেন ইউনিভার্সিটি থেকে ল অ্যান্ড ডিজিটাল টেকনোলজিস বিষয়ে বিশেষায়িত স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।
Leave a Reply