ফাইল ফটো
প্রতিবেদক মোঃ আরমান হোসেন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাতে চাঁদাবাজি, অবৈধ মাটি কাটা এবং সরকারি জায়গা দখল থানাকেন্দ্রিক সালিশ বাণিজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এলাকায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা প্রভাব খাটিয়ে অবৈধ কর্মকাণ্ড চলবে না আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে সোনাইমুড়ীস্থ বীরবিক্রম শহীদ মোজাফফর আহমেদ মিলনায়তন-এ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমপি খোকন বলেন, সোনাইমুড়ীতে কোনো চাঁদাবাজির স্থান নেই। যারা চাঁদাবাজিতে জড়িত থাকবে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।বিশেষ করে ফসলি জমির মাটি কেটে অবৈধ ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, থানায় কোনো ধরনের সালিশ বাণিজ্য চলবে না। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ও হয়রানিমুক্ত সেবা পায়, সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানান তিনি।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি বলেন, সরকারের প্রতিটি উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধারণ মানুষ। তাই সেবা হতে হবে দ্রুত, স্বচ্ছ ও কার্যকর। চলমান প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার। তিনি বলেন, সোনাইমুড়ীকে একটি আধুনিক, জনবান্ধব ও জবাবদিহিমূলক উপজেলায় রূপান্তর করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে।
সভায় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, পৌর বিএনপির নেতা রেজাই রাব্বি মাহবুব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হানিফ মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিভিন্ন দপ্তরের প্রধানরা তাঁদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। স্থানীয় সড়ক উন্নয়ন, কৃষি প্রণোদনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে এমপি ব্যারিস্টার খোকন প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে সোনাইমুড়ীকে দুর্নীতি ও অনিয়মমুক্ত, উন্নয়নবান্ধব ও শান্তিপূর্ণ উপজেলায় গড়ে তোলার আহ্বান জানান।
জনগণের আস্থা অর্জনই হবে প্রশাসনের সবচেয়ে বড় সাফল্য”এমন প্রত্যয়েই শেষ হয় মতবিনিময় সভা।
Leave a Reply